- লিনাক্স অপারেটিং সিস্টেম
লিনাক্স অপারেটিং সিস্টেম শুনলেই অধিকাংশ মানুষকে প্রথমেই বেঁকে বসতে দেখি, অধিকাংশ মানুষেরই মতামত লিনাক্স একটি কঠিন অপারেটিং সিস্টেম। কিন্তু সত্যি বলতে লিনাক্স অপারেটিং সিস্টেম এমন কোন কঠিন জিনিস নয়, বরং গত কয়েক বছর ধরে যে সকল বহুল প্রচলিত লিনাক্স ডিস্ট্রোবিউশন বের হচ্ছে সেগুলো অনেকটাই ব্যবহার বান্ধব হয়ে গেছে। এসব অপারেটিং সিস্টেম যে কোন কমার্শিয়াল অপারেটিং সিস্টেমের সাথে পাল্লা দিয়ে চলতে সক্ষম।
কেডিই ডেস্কটপ ভিত্তিক কুবুন্টু লিনাক্সের যাত্রা শুরু হয় উবুন্টু লিনাক্সের একটি শাখা হিসেবে। উবুন্টু লিনাক্স কয়েক বছর ধরেই নিরাপদ ও ব্যবহার বান্ধব একটি সিস্টেম হিসেবে ব্যবহারকারীদের পছন্দের সেরা ডিস্ট্রো হিসেবে রয়েছে। তারই একটি শাখা হিসেবে কুবুন্টু লিনাক্সও একজন সাধারণ ব্যবহারকারীর সব ধরণের চাহিদা পরিপূর্ণভাবে পূরণে সক্ষম।
সাধারণ ডকুমেন্টস/প্রেসন্টেশন তৈরি থেকে শুরু করে গান শোনা, মুভি দেখা, ইন্টারনেট ব্রাউজিং সবই এই সিস্টেমের মাধ্যমে করা খুবই সহজ। আসুন কুবুন্টু লিনাক্সের সর্বশেষ সংস্করণ ৯.০৪ (জন্টি জ্যাকালোপ) এ একবার নজর বুলিয়ে নেই।
ডিফল্ট ডেস্কটপে নিচে একটি প্যানেল (1) এবং ডেস্কটপের উপর ফোল্ডার ভিউ (2) রয়েছে।

প্যানেলে কেমেন্যু(3), কুইক ফোল্ডার মেন্যু(4), টাস্ক ম্যানেজার (11), ডিভাইস ম্যানেজার (7), সিস্টেম ট্রে (6), নেটওয়ার্ক উইজেট (8) ও সিস্টেম ক্লক (9) রয়েছে।

কেমেন্যু Favorites, Applications, Computer, Recently Used, Leave পাঁচটি ভাগে সাজানো হয়েছে।



এখন কারও যদি ডিফল্ট ডেস্কটপ বা প্যানেল পছন্দ না হয় তাহলে তা পরিবর্তন করা খুবই সহজ।

যেকোন নতুন উইজেট যুক্ত করতে পারবেন প্যানেলে অথবা ডেস্কটপে।

আমার কাস্টোমাইজড ডেস্কটপ।

এতো গেলো ডেস্কটপ কাস্টোমাইজেশন। সিস্টেম ওয়াইড পরিবর্তনও বেশ সহজ, সবগুলোই System Settings এ গিয়ে Appearance, Window Behavior থেকে শুরু করে Monitor Resolution, Keyboard, Language support, Startup Service, Hardware management সবই করতে পারছেন।

সফটওয়্যার ইনস্টলেশনও বেশ সহজ হয়ে গেছে Kpackagekit প্যাকেজ ম্যানেজারের কারণে। এখন আর প্রয়োজনীয় সফটওয়্যারের জন্য ইন্টারনেট ঘুরে বেড়াতে হবে না।

আর ফোল্ডার ম্যানেজার হিসেবে আছে ডলফিন যা ব্যবহারকারী তার পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন।

এতো গেলো ডেস্কটপ ম্যানেজমেন্টের দিক। এবার স্বাভাবিক দৈনন্দিন কর্মকান্ডের জন্য কি কি সফটওয়্যার আছে দেখা যাক।
প্রথমেই সাধারণ লেখালেখি, স্প্রেডশিট এনালাইসিস অথবা অফিস প্রেসেন্টেশনের প্রস্তুতি নেয়ার জন্য রয়েছে ওপেন অফিস.অর্গ প্রোডাক্টিভিটি স্যুট।

গান শোনার জন্য যেমন আছে আমারক আর ভিডিও প্লেবেকের জন্য পাবেন ড্রাগন মিডিয়া প্লেয়ার।

(নোট: ডিফল্ট ইনস্টলেশনে প্রোপ্রাইটরি কোডেক দেয়ায় আইনগত কিছু বাঁধা থাকায় এমপিথ্রি, এমপিইজিসহ বেশ কিছু ফরমেট সরাসরি চালানো সম্ভব নয় তবে উভয় মিডিয়া প্লেয়ারই এসব প্রোপ্রাইটরী কোডেকস ইনস্টলেশনের জন্য সহজ একটি মেন্যু প্রদান করে।)

ব্রাউজার হিসেবে রয়েছে কনকুয়ারার, ইমেইল ক্লায়েন্ট হিসেবে আছে কেমেইল আরও আছে কপেট মাল্টিপ্রোটোকল মেসেঞ্জার (চ্যাট) ক্লায়েন্ট।

(নোট: কনকুয়ারার পুরো ওয়েবপেজ লোড হবার পর কন্টেন্ট দেখায় বলে আমাদের মতো ধীর গতির ইন্টারনেট সংযোগে তেমন সুবিধাজনক নয়। ব্যবহারকারী চাইলেই প্যাকেজ ম্যানেজার থেকে ফায়ারফক্স ইনস্টল করে নিতে পারবেন।)

পিডিএফ দেখার জন্য রয়েছে অকুলার আর ছবি দেখার জন্য রয়েছে গোয়েনভিউ।

এগুলোই বলে দিচ্ছে অপারেটিং সিস্টেম হিসেবে কুবুন্টু লিনাক্স কোন অংশেই কম যায় না বরং কোন কোন ক্ষেত্রে কমার্শিয়াল ভার্শনগুলোর চেয়েও অধিক বেশি সুবিধা প্রদান করছে যা কমার্শিয়াল অপারেটিং সিস্টেমে পেতে হলে আলাদা করে লাইসেন্স কিনতে হয় (উদাহরণ: প্রোডাক্টিভিটি স্যুট)।
যারা বলেন লিনাক্স অপারেটিং সিস্টেম কঠিন তাদের অনেকেই বহুদিন ধরে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে এসেছেন বলে নতুন পরিবেশে তাদের মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই লিনাক্স অপারেটিং সিস্টেম উইন্ডোজের চেয়ে কিছুটা ভিন্ন, এই নতুন পরিবেশে অভ্যস্থ হতে ব্যবহারকারীদের কিছুটা সময় দিতে হবে, ঠিক যেমনটি তারা দিয়েছিলেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহার করার সময়। সুতরাং আপনি যদি লিনাক্স সম্পর্কে ভীতিকর কথা শুনে ব্যবহার করা থেকে বিরত থাকেন তাহলে আর দেরী করবেন না, আজই ব্যবহার করে দেখুন। যদি ইনস্টল করতেও না চান অন্তত লাইভ সিডি থেকে অবশ্যই ব্যবহার করে দেখবেন।
(নোট: ব্যক্তিগতভাবে আমি কুবুন্টু লিনাক্স পছন্দ করি এর ডেস্কটপ কনফিগারেশন থেকে শুরু করে এ্যাপ্লিকেশনের কনফিগারেশন সেটিংস ফিচার এসব কিছুর জন্য। আমার ব্যবহৃত অধিকাংশ কেডিই সফটওয়্যারই নোমের সফটওয়্যারের চেয়ে বেশি ফিচার প্রদান করে থাকে, একারণেই মূলত কুবুন্টু ব্যবহার করছি। তবে ব্যবহারকারী চাইলেই উবুন্টু ডেস্কটপে কেডিই সফটওয়্যার অথবা কুবুন্টু ডেস্কটপ চালাতে পারবেন।)
ফ্লিকারে এই লেখায় ব্যবহৃত স্ক্রিনশটগুলোর পুরো সেট দেখতে পারবেন এই লিঙ্ক অনুসরণ করে।

hmm Nice review.
nice theme too
এটা রিভিউ না প্রিভিউ। দুইটার মধ্যে বেশ পার্থক্য আছে। তবুও ধন্যবাদ মন্তব্য করার জন্য।
পড়ে ভালো লাগল। ধন্যবাদ।
ভাইয়া এইবার কুবুন্টু ১০.০৪ এর একটা রিভিউ দেন।
এখনও ফ্রেশ কপি ইনস্টল করিনি। সামনে সময় পেলে নতুন করে আবার শুরু করবোনে।